লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, প্রস্তাবিত চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে তিনি গুরুতর আপত্তি তুলেছেন।
এক বিবৃতিতে বেরি বলেন, চুক্তির শুরুতে নিঃশর্ত যুদ্ধবিরতির বিষয়টি থাকলে সেখানে ইতিবাচক কিছু দেখা যেত। কিন্তু পরবর্তীতে এতে এমন সব শর্ত যুক্ত করা হয়েছে, যা পুরো প্রস্তাবটিকে জটিল করে তুলেছে।
বিশেষ করে হিজবুল্লাহর সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সংগঠনটির সব সদস্যকে সরিয়ে নেওয়ার শর্তের সমালোচনা করেন তিনি।
বেরির মতে, প্রকৃত সমাধান হতে পারে এমন একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, যেখানে স্থল, আকাশ ও সমুদ্র, সব ক্ষেত্রেই লড়াই বন্ধ থাকবে এবং কোনো ধরনের অতিরিক্ত শর্ত আরোপ করা হবে না। একই সঙ্গে কোনো অবকাঠামো ধ্বংস বা উচ্ছেদ কার্যক্রমও চলতে পারবে না।
তিনি আরও বলেন, লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর সরে যাওয়ার বিষয়টি তখনই গ্রহণযোগ্য হতে পারে, যখন একই সঙ্গে ইসরায়েলও লেবাননের দখলকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করবে।
বেরির এই অবস্থান নতুন যুদ্ধবিরতি উদ্যোগকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ আলোচনার অন্যতম প্রধান বিতর্ক এখন হিজবুল্লাহর অবস্থান ও ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার প্রশ্নকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সূত্র: আলজাজিরা