পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম তীরের হেব্রন শহরের দক্ষিণে তেল রুমেইদা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে এবং তার বাবা-মা আহত হয়েছেন।

মন্ত্রণালয় নিহত শিশুটির পরিচয় স্যাম ফাহদ আবু হাইকাল হিসেবে নিশ্চিত করেছে। তারা জানায়, গুলিবিদ্ধ হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার বাবা-মাও আহত হন এবং তাদের মাঝারি ধরনের আঘাত লেগেছে।

শিশুটির দাদি জানান, পরিবারটি চেকপয়েন্ট-১৭ এর কাছাকাছি দিয়ে গাড়িতে যাচ্ছিল। দূরে ইসরায়েলি সামরিক যান ও সৈন্যদের দেখতে পেয়ে তারা গাড়ি থামিয়ে দেন। এরপর তাদের দিকে গুলি ছোড়া হয়, যা প্রথমে তারা সতর্কতামূলক গুলি বলে মনে করেছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, একটি বুলেট শিশুটির মুখ ও মাথা ভেদ করে তার মায়ের গালে আঘাত করে। একই বুলেট শিশুটির বাবার হাতের আঙুলেও লাগে। আহত মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হেব্রন এলাকায় অভিযান চলাকালে সৈন্যরা একটি গাড়িকে দ্রুতগতিতে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। এ সময় এক সৈন্য গাড়িটির দিকে একটি গুলি ছোড়ে। এতে তিনজন ফিলিস্তিনি আহত হন এবং পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, আহত ব্যক্তিরা কোনো সংঘাতমূলক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না এবং তারা নিরীহ বেসামরিক নাগরিক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং তদন্তের ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

তেল রুমেইদা হেব্রনের একটি সংবেদনশীল এলাকা, যেখানে ফিলিস্তিনি বাসিন্দাদের মাঝে কঠোর সামরিক নিরাপত্তার মধ্যে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বসবাস করে। অঞ্চলটি দীর্ঘদিন ধরে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের অন্যতম সংঘাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

ইউরোপীয় ইউনিয়নের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ৩০ লক্ষাধিক ফিলিস্তিনির পাশাপাশি ৭ লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন। সূত্র: রয়টার্স