অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে মাদামা গ্রামে বাড়িতে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় গুলিতে নিহত হয়েছেন ৬২ বছর বয়সী ফিলিস্তিনি হিকমত মোহাম্মদ ফারাজ। শনিবার (২৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, অভিযানের সময় ওই ব্যক্তি এক সেনার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় এক ইসরায়েলি সেনাও আহত হন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এএফপি ও দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এপি জানিয়েছে, নিহত হিকমত মোহাম্মদ ফারাজের বয়স ৬২ বছর। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে নাবলুসের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মাদামা গ্রাম পরিষদের প্রধান রামি নাসের দাবি করেছেন, ইসরায়েলি সেনারা ফারাজের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গুলি করেন। এ সময় তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য ভিন্ন। তাদের দাবি, অভিযানের সময় সেনারা এমন একটি ভবনে প্রবেশ করেন, যেখান থেকে তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। ভবনের ভেতরে এক ব্যক্তির সঙ্গে সেনাদের শারীরিক সংঘর্ষ হয়। এ সময় ওই ব্যক্তি এক সেনা কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। গুলি চালানোর সময় অস্ত্রের মুখ ঘুরে যাওয়ায় আরেক সেনা কর্মকর্তা আহত হন। পরে সেনারা ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আহত সেনা কর্মকর্তার অবস্থা মাঝারি পর্যায়ের। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফার প্রতিবেদনে এ ঘটনায় আরও একজন ফিলিস্তিনি আহত হওয়ার কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্যে কিছু উল্লেখ করা হয়নি।
১৯৬৭ সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা নিয়মিত ঘটছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর অঞ্চলটিতে সহিংসতা আরও বেড়েছে। এএফপির হিসাব অনুযায়ী, ওই সময় থেকে পশ্চিম তীরে এক হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন।
মাদামা গ্রামের এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অধিকৃত পশ্চিম তীরে।
সূত্র: এএফপি
আলোচনায় রাজি ইরান, তবে চাপের কাছে মাথা নত নয়: পেজেশকিয়ান
সৌদির সব বন্দরে ইয়েমেনের পাল্টা হামলার হুমকি