খোলা থাকবে হরমুজ প্রণালী, দিতে হবে যাতায়াত ফি

মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, হরমুজ প্রণালী খোলা থাকবে, তবে এটি ব্যবহারের জন্য নতুন কিছু শর্ত আরোপ করা হবে, যা ইরান ও ওমান যৌথভাবে নির্ধারণ করবে। এসব শর্তের মধ্যে একটি যাতায়াত ফি অন্তর্ভুক্ত থাকবে।

সোমবার (৮ জুন) মস্কোতে ইরানের রাষ্ট্রদূত এ কথা বলেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সংঘাতের আগে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে যেত। সম্প্রতি কয়েকটি তেলবাহী জাহাজ উপসাগর অঞ্চল ত্যাগ করতে পারলেও , তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন এখনও গুরুতরভাবে সীমাবদ্ধ রয়েছে।

মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ সংবাদপত্র ইজভেস্তিয়াকে বলেন, “অবশ্যই এই প্রণালী খোলা থাকবে, তবে নতুন শর্তের অধীনে, যা ইরান ও ওমানের কর্তৃপক্ষ নির্ধারণ করবে।”

তিনি আরও বলেন, “আমরা বুঝি যে ইরান ও ওমান এই প্রণালী সম্পর্কিত কিছু নির্দিষ্ট সেবা প্রদান করে। আর সেই সেবাগুলোর জন্য ফি আদায় করা হবে।” তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

ইরান দাবি করে আসছে যে একটি স্থায়ী শান্তি চুক্তির আওতায় তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি আদায়ের অধিকার থাকা উচিত। জাহাজের ধরন, বহনকৃত পণ্য এবং তৎকালীন পরিস্থিতির ওপর ভিত্তি করে এই ফি ভিন্ন হতে পারে।

এই অবস্থানের তীব্র বিরোধিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ওমানকে সতর্ক করে দেয় যাতে তারা ইরানের সঙ্গে কোনো ধরনের টোল বা যাতায়াত কর আরোপের উদ্যোগে জড়িত না হয়। একই সময়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান যে ওমানের রাষ্ট্রদূত তাকে বলেছেন, এমন কোনো টোল আরোপের পরিকল্পনা নেই।

সোমবার ইসরায়েল জানায় যে তারা পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটি এমন সময় ঘটেছে যখন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আরও হামলা থেকে বিরত থাকতে বলেছিলেন।

যুদ্ধের আগে জাপান তার মোট তেলের চাহিদার প্রায় ৯৫ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করত। দেশটি জানিয়েছে, মে মাসে জাপানের সঙ্গে সংশ্লিষ্ট একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় কোনো অতিরিক্ত ফি পরিশোধ করতে হয়নি।

সুত্র: রয়টার্স