সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:৫৯ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘আল-খারজ’ বিমানঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

সোমবার (৮ জুন) সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঠিক আগেই ঘাঁটিটিতে সম্ভাব্য মিসাইল বা ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছিল।

স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার সকালে বিমানঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পরপরই পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্থানীয় বাসিন্দাদের অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন। তবে এই আতঙ্ক ও উত্তেজনার কিছুক্ষণের মধ্যেই সৌদি সিভিল ডিফেন্স আরেকটি বিবৃতি দিয়ে জানায়, আল-খারজ অঞ্চলের ‘বিপদ এখন কেটে গেছে’। অবশ্য প্রাথমিকভাবে সেখানে কী ধরনের বিপদ বা হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি প্রশাসন।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর ছড়ানোর পর আন্তর্জাতিক মহলে স্বাভাবিকভাবেই আঙুল ওঠে ইরানের দিকে। তবে তেহরান এই হামলার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরআইবি-কে দেওয়া এক বিবৃতিতে দেশটির একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সাফ জানিয়েছেন, সোমবার সৌদি আরবের আল-খারজ ঘাঁটিতে ইরান কোনো ধরনের হামলা চালায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্র: মিডল ইস্ট আই

SN
আরও পড়ুন