ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে আইআরজিসির হামলা

ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। ইরানের এই অভিজাত বাহিনী জানিয়েছে, সোমবার (৮ জুন) পরিচালিত হামলায় দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসির দাবি, সম্প্রতি ইসরায়েল তেহরান, তাবরিজ ও ইসফাহানসহ ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননেও বিমান হামলা পরিচালনা করেছে। এর প্রতিক্রিয়ায় এই পাল্টা অভিযান চালানো হয়েছে।

বাহিনীটির ভাষ্য অনুযায়ী, ইরানের তিনটি অঞ্চলে রাডার ও অন্যান্য সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার জবাব হিসেবেই নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের বিস্তার ঘটলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

আইআরজিসি হামলাটিকে ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিরক্ষা নীতির অংশ হিসেবে বর্ণনা করেছে।