ওমান উপসাগরে ভারতীয় নাবিক বহনকারী বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ ঘটনাকে ‘নৃশংস হামলা’ আখ্যা দিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন।
শুক্রবার (১২ জুন) দেওয়া এক বিবৃতিতে বাঘাই বলেন, ভারতীয় বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত তিনজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এই হামলা আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এসব হামলা যুক্তরাষ্ট্রের ‘সশস্ত্র লুটপাট’ ও ‘রাষ্ট্রীয় জলদস্যুতার’ চলমান নীতির স্পষ্ট প্রমাণ।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানি তেল পরিবহনের অভিযোগে ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজ জালভির-এ হামলা চালানো হয়েছে। চলতি সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে এটি ছিল তৃতীয় জাহাজে মার্কিন হামলা।
অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জালভির-এ থাকা ২০ ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন। তবে এর আগে সেত্তেবেল্লো নামের একটি জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার খবর পাওয়া যায়। সূত্র: আলজাজিরা