ইরান পারমাণবিক অস্ত্র তৈরিও করবে না, কিনবেও না: ট্রাম্প

আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:৪৭ এএম

ইরানের সাথে সম্ভাব্য ঐতিহাসিক চুক্তির আরও একটি বড় এবং নতুন শর্তের কথা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি দাবি করেছেন, ইরান কেবল নিজেদের দেশে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করতেই রাজি হয়নি, বরং বিদেশ থেকে এই ধরনের অস্ত্র ক্রয় না করার শর্তেও সম্মত হয়েছে। সমর্থকদের সাথে এক ফোনালাপে ইরানের সাথে চলমান আলোচনার এই ভেতরের তথ্য সামনে আনেন ট্রাম্প।

ফোনালাপে ট্রাম্প বলেন, “সবচেয়ে বড় কথা হলো ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এর অর্থ হলো তারা এটি নিজেরা তৈরিও করবে না এবং অন্য কোথাও থেকে কিনবেও না।”

চুক্তির টেবিলে কীভাবে এই শর্ত যুক্ত করা হলো, তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে ট্রাম্প বলেন, “চুক্তিতে তাদের একটি ধারা ছিল যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তখন আমি জিজ্ঞেস করলাম, ‘তাহলে কেনার ব্যাপারে কী সিদ্ধান্ত?’ তারা উত্তর দিল, ‘উম, আমরা তো চুক্তিতে সেই বিষয়টি অন্তর্ভুক্ত করিনি।’ এরপর ঠিক দুই দিন পর তারা এই শর্তেও রাজি হয়ে যায়। আমরা যা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।”

প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন দাবির পর স্পষ্ট হচ্ছে যে, মার্কিন প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচির সব পথ পুরোপুরি বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করেছিল। বিশ্বজুড়ে এই চুক্তি নিয়ে কৌতুহল বাড়লেও তেহরানের পক্ষ থেকে এখনও এই বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

YA
আরও পড়ুন