যুদ্ধবিরতির পরে গাজায়  ২৬৫ শিশু নিহত: ইউনিসেফ

যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় শিশু মৃত্যুর মিছিল থামেনি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ২৬৫ শিশু নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও ৪০০-এর বেশি শিশু।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এই পরিসংখ্যান তুলে ধরে বলেন, যে সময়কে সংযম ও সুরক্ষার সময় হিসেবে বিবেচিত হওয়ার কথা ছিল, সেই সময়েই গড়ে প্রতিদিন একজন করে শিশু নিহত হয়েছে।

তার ভাষায়, আট মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন একটি শিশুর প্রাণহানি একটি ‘অযৌক্তিক ও বিধ্বংসী’ বাস্তবতা।

এল্ডার জানান, নিহত শিশুদের কেউ গুলিতে, কেউ বিমান হামলায়, আবার কেউ ড্রোন হামলার শিকার হয়েছে। তার দাবি, এসব ঘটনার ‘৯০ শতাংশেরও বেশি’ ক্ষেত্রে শিশুদের মৃত্যু হয়েছে ইসরায়েলি বাহিনীর অভিযানে।

ইউনিসেফের এই পরিসংখ্যান এমন এক সময়ে সামনে এলো, যখন গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা, মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়ছে।

শিশুদের ওপর সংঘাতের এই প্রভাবকে গভীর মানবিক সংকট হিসেবে উল্লেখ করে সংস্থাটি আবারও তাদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সূত্র: আলজাজিরা