ইনফুয়েন্সারের আয়োজনে বিশ্বকাপ উৎসবে মেতেছে লেবানন

শুধু শুধু তো ফুটবল বিশ্বকাপের নাম হয় নি 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'। ইসরায়েলের হামলা ও যুদ্ধের আতঙ্কের মধ্যেও ফুটবলপ্রেম থামিয়ে রাখা যায়নি লেবাননের মানুষের। দক্ষিণ লেবাননের সিডন গেট এলাকার কাছে রমাইলেহ শহরে শত শত মানুষ একত্রিত হয়েছেন ২০২৬ বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে, যেখানে যুদ্ধবিধ্বস্ত বাস্তবতার মাঝেও তৈরি হয়েছে এক টুকরো স্বস্তির আশ্রয়।

এই বিশেষ ফ্যান জোনের আয়োজন করেছেন লেবাননের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব বিলাল হাদ্দাদ। তার উদ্যোগে গড়ে ওঠা এই আয়োজন স্থানীয়দের জন্য শুধু খেলা দেখার স্থান নয়, বরং যুদ্ধের চাপ থেকে সাময়িক মুক্তির একটি সুযোগও।

ফ্যান জোনটিতে রাখা হয়েছে খাবারের ট্রাক, পারিবারিক বিনোদনের ব্যবস্থা এবং আড্ডার নানা আয়োজন। শিশু থেকে শুরু করে বয়স্ক, সব বয়সী মানুষের উপস্থিতিতে বিশ্বকাপ ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে।

একদিকে আকাশে যুদ্ধবিমানের শঙ্কা, অন্যদিকে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের রোমাঞ্চ, এই বৈপরীত্যই যেন বর্তমান লেবাননের বাস্তবতাকে তুলে ধরছে। অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যেও মানুষ চেষ্টা করছে স্বাভাবিক জীবনের কিছু মুহূর্ত ধরে রাখতে।

স্থানীয়দের অনেকেই বলছেন, প্রতিদিনের সংঘাত ও দুশ্চিন্তার মাঝে বিশ্বকাপ তাদের জন্য মানসিক স্বস্তির একটি বিরল উপলক্ষ। ফুটবল অন্তত কয়েক ঘণ্টার জন্য হলেও যুদ্ধের খবর থেকে মন সরিয়ে রাখার সুযোগ করে দিচ্ছে। সূত্র: আলজাজিরা