দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো দাবি জানানো হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
তেল আবিবে স্থানীয় সরকারপ্রধানদের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আগেই ঘোষণা করেছি যে যেকোনো পরিস্থিতিতেই আমরা সরে যাচ্ছি না। আর এই মুহূর্ত পর্যন্ত, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো দাবি আসেনি।’
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন করা হলে কাৎজ জানান, তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে-কে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে-কে স্পষ্টভাবে জানিয়েছেন যে, ‘আমরা উত্তরাঞ্চলের বাসিন্দাদের সুরক্ষার জন্য সেখানে অবস্থান করছি।’
কাৎজের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেছে। তবে সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনা উপস্থিতি অব্যাহত থাকায় ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। সূত্র: আলজাজিরা