বাহরাইন দাবি করেছে, দেশটির ভূখণ্ডে ইরান ড্রোন হামলা চালিয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে একাধিক ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে বাহরাইন এ ঘটনাকে দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, এতে বেসামরিক মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে।
তবে ড্রোনগুলো ঠিক কোথায় আঘাত হেনেছে বা কী ধরনের স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি বাহরাইন।
ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এমন অভিযোগ এমন এক সময়ে এলো, যখন উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি, হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্ক ঘিরে উত্তেজনা নতুন করে বেড়েছে। বিশ্লেষকদের মতে, ঘটনাটি আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সূত্র: আলজাজিরা