'আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণে থাকবে ইরান'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালির ওপর ইরানের ‘পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা’ বহাল থাকবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বিদ্যমান সব ধরনের প্রতিবন্ধকতা ও জটিলতা দূর হওয়ার পর ধাপে ধাপে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ইরাক সফরকালে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের পরিণতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকসংক্রান্ত সর্বশেষ অগ্রগতি ও পরিস্থিতি নিয়ে তিনি তার ইরাকি সমকক্ষকে বিস্তারিতভাবে অবহিত করেছেন।

আরাঘচি আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা, তদারকি এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব সম্পূর্ণভাবে ইরানের ওপরই ন্যস্ত রয়েছে। তাই এই নৌপথের বিষয়ে অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ, একতরফা পদক্ষেপ বা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেও সতর্ক করেন তিনি। 

তার ভাষায়, এমন কোনো পদক্ষেপ কেবল উত্তেজনাই বাড়াবে না, বরং হরমুজ প্রণালিকে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং পূর্ণাঙ্গভাবে পুনরায় চালুর প্রক্রিয়াকেও আরও পিছিয়ে দেবে। সূত্র: আলজাজিরা