ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ২০২৫-২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা এখন ইরানি জাতির সামনে অন্যতম গুরুত্বপূর্ণ আইনি ও বিচারিক ইস্যু।
খামেনি অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক অপরাধী, বৈশ্বিক ঔদ্ধত্যবাদী শক্তি ও আগ্রাসীরা’ ইরানের বিরুদ্ধে নানা ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তার দাবি, চাপিয়ে দেওয়া যুদ্ধগুলোর সময় মিনাব ও লামের্দে শিশু হত্যাসহ যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। পাশাপাশি চিকিৎসাকেন্দ্রে হামলা এবং ইরানি জনগণের ওপর শারীরিক ও মানসিক ক্ষতিও করা হয়েছে, যার বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত।
তিনি আরও বলেন, তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডও এমন ‘হাজারো বড় আইনি মামলার’ একটি, যেগুলোর বিচার নিশ্চিত করা প্রয়োজন।
খামেনির ভাষায়, ‘এই অপরাধীদের কলার ধরে আইনের মুখোমুখি করতে হবে এবং তাদের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ‘জায়নবাদী শত্রুর’ নেতাদের প্রকাশ্য স্বীকারোক্তি ও ‘দম্ভপূর্ণ বক্তব্য’ তাদের অপরাধের অকাট্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হতে পারে।
একই সঙ্গে তিনি জানান, দুই দফা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের তদন্ত ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করা হয়েছে। তার মতে, এই তদন্ত ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেও সহায়ক হবে। সূত্র: আলজাজিরা
ইরানের হামলায় কাঁপলো কুয়েত-বাহরাইন
ইরানের সমর্থন সম্মান ও শক্তির উপহার: নাইম কাসেম
মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের হামলা, ক্ষয়-ক্ষতির তথ্য জানালো যুক্তরাষ্ট্র