খামেনির জানাজায় ব্যাপক জনসমাগমের আহ্বান গালিবাফের

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন। তিনি দেশটির সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শনিবার (৪ জুলাই) থেকে শুরু হওয়া এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং জাতীয় ঐক্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।

এক বিবৃতিতে গালিবাফ বলেন, ‘আমি ইরানের সব জনগণকে আহ্বান জানাচ্ছি, আপনারা শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থেকে ইসলামি ইরানের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় রচনা করুন।’ তিনি এই শোকানুষ্ঠানকে শুধু বিদায়ের অনুষ্ঠান নয়, বরং জাতির ঐক্য, সংহতি এবং অঙ্গীকার প্রকাশের একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবেও উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘প্রতিশোধের জন্য জাতির আহ্বান যেন পুরো বিশ্বের কানে পৌঁছে যায়।’ তার ভাষ্য অনুযায়ী, এই শোকানুষ্ঠানে জনগণের ব্যাপক উপস্থিতি ইরানের জাতীয় অবস্থান এবং জনগণের ঐক্যবদ্ধ মনোভাবের প্রতিফলন ঘটাবে।

উল্লেখ্য, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিন নিহত হন। তার মৃত্যু ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করে।

১৯৮৯ সালে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আলি খামেনি। এরপর টানা ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় ধরে ইরানের রাজনৈতিক, সামরিক ও পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। সূত্র: আলজাজিরা