খামেনির জানাজা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইরানের সেনাবাহিনী

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানের আগে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে ইরানের সামরিক বাহিনী। বিদেশি রাষ্ট্রীয় প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও ধর্মীয় ব্যক্তিত্বদের আগমনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানান, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।

তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

আকরামিনিয়ার ভাষ্য, দেশের সীমান্তজুড়ে স্থল, নৌ ও বিমান বাহিনীর সক্রিয় উপস্থিতি আরও বিস্তৃত করা হয়েছে, যাতে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি দ্রুত মোকাবিলা করা যায়। তিনি আরও জানান, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির আকাশসীমায় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে।

আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান শুরু হবে। পরে তার মরদেহ কোম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে ৯ জুলাই জন্মস্থান মাসহাদে দাফন করা হবে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন