লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান আলোচনা কোনোভাবেই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা নয়। বরং দীর্ঘদিনের সংঘাত থেকে বেরিয়ে এসে স্থায়ী শান্তির পথ তৈরির লক্ষ্যেই এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, লেবাননের এক ইঞ্চি ভূখণ্ডও ইসরায়েলের কাছে ছেড়ে দেওয়া হবে না।
লেবাননের প্রেসিডেন্সির প্রকাশিত এক বিবৃতিতে আউন বলেন, ‘এখন সময় এসেছে লেবানন যুদ্ধ ও বাইরের নিয়ন্ত্রণের যুগ থেকে বেরিয়ে আসার। দেশের অধিকাংশ মানুষ এই পথকে সমর্থন করে, বিশেষ করে দক্ষিণ লেবাননের জনগণ, যারা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার অধিকার রাখে।’
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত সমঝোতাকে ঘিরে দেশটির সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সমালোচকদের অভিযোগ, এই সমঝোতা লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস করেছে।
তবে প্রেসিডেন্ট আউন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘এই কাঠামোগত সমঝোতার কোনো ধারাই লেবাননের অধিকার কিংবা জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়। বরং এগুলো আমাদের অধিকারকে পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যারা সত্যিই রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতিকে সম্মান করেন, তাদের এই প্রেক্ষাপটে রাষ্ট্রের সিদ্ধান্তকেও সম্মান করতে হবে।’
আউনের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইসরায়েলের সঙ্গে আলোচনার বৈধতা ও ভবিষ্যৎ নিয়ে লেবাননের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। সূত্র: আলজাজিরা