ইসরাইলে অবস্থানরত এক তাজিকিস্তানি নাগরিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে দেশটির প্রসিকিউশন। স্থানীয় সংবাদপত্র হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বৈধ ভিসা ছাড়া ইসরাইলে অবস্থান করছিলেন ওই তাজিকিস্তানি নাগরিক। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালে ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে তিনি টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানের তথ্য আদান-প্রদান করতেন।
তদন্তকারীদের দাবি, এসব তথ্য নিয়মিতভাবে পাঠানো হতো এবং তা জাতীয় নিরাপত্তার জন্য স্পর্শকাতর বলে বিবেচিত হচ্ছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, তিনি হাইফা বন্দর এবং প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের একটি স্থাপনাসহ বিভিন্ন সামরিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি সংগ্রহ করে পাঠিয়েছেন।
ইসরাইলের অভিযোগ, এসব ছবি ও তথ্য পাঠানোর উদ্দেশ্য ছিল দেশের জাতীয় নিরাপত্তার ক্ষতি করা এবং সংবেদনশীল স্থাপনাগুলোর তথ্য বিদেশি পক্ষের কাছে পৌঁছে দেওয়া। অভিযোগের ভিত্তিতেই এখন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সূত্র: আলজাজিরা