তুরস্ককে এফ-৩৫ বিক্রির বিরোধিতায় নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আঙ্কারা সফরের প্রাক্কালে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য উদ্যোগের বিরোধিতা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, তুরস্কের মতো একটি দেশের হাতে এফ-৩৫ যুদ্ধবিমান তুলে দেওয়ার পক্ষে তিনি নন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘এটি এমন একটি দেশ, যারা সাইপ্রাস দ্বীপের অর্ধেক অংশ দখল করে রেখেছে। তারা প্রকাশ্যেই জেরুজালেম দখলের কথা বলে। আমি মনে করি না, এমন একটি দেশের কাছে এফ-৩৫ সরবরাহ করা উচিত।’

তিনি আরও অভিযোগ করেন, তুরস্ক হামাসকে সমর্থন দিয়েছে এবং ইরানের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তার ভাষায়, ‘তারা হামাসকে সমর্থন করেছে এবং ইরানের মুখোমুখি হয়ে কিছুই করেনি।’

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানের সঙ্গে ইসরাইলের সম্পর্ক বৈরিতাপূর্ণ থাকলেও, তুরস্ক ও ইসরাইলের সম্পর্ক দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে বাস্তববাদী ছিল।

তবে ২০০০-এর দশকের শুরুতে ক্ষমতায় আসার পর থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান দমন-পীড়ন ও নীতির কড়া সমালোচক হিসেবে ধারাবাহিক অবস্থান নিয়ে আসছেন। সূত্র: আলজাজিরা