ইরানে সর্বশেষ দফার সামরিক অভিযানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র (Precision Weapon) ব্যবহার করে একযোগে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বুধবার (৮ জুলাই) মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার।
বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানায়, এই বিশেষ অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এবং এর আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেন্টকমের দাবি, গত মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মূলত সেই হামলার জবাব হিসেবেই মার্কিন বাহিনী এই পাল্টা অভিযান পরিচালনা করেছে।
তবে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার করেনি। এই হামলার ঘটনায় বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশ ইতোমধ্যে ইরানের প্রতি তীব্র নিন্দা জানিয়ে বার্তা দিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই আকস্মিক ও বড় ধরনের হামলার জবাবে ইরানও 'কঠোর প্রতিক্রিয়ার' হুঁশিয়ারি দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।