ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির মরদেহ বহনকারী বিমানকে অন্তত একটি যুদ্ধবিমান নিরাপত্তা দিয়ে মাশহাদে নিয়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। খামেনির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের গত ফেব্রুয়ারির হামলায় নিহত তাঁর পরিবারের সদস্যদের মরদেহও একই বিমানে ছিল। ওই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সূত্রপাত হয়।
এর আগে ইরাকের পবিত্র শহর নজাফ ও কারবালায় খামেনির জানাজা ও শোকযাত্রায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়।
মাশহাদে খামেনির দাফনকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মরদেহ বহনকারী বিমানকে যুদ্ধবিমানের নিরাপত্তা দেওয়ার ঘটনাও শেষ বিদায় অনুষ্ঠানের গুরুত্ব ও নিরাপত্তা ব্যবস্থার মাত্রাকেই সামনে এনেছে। সূত্র: ডন