ইরাক ও সিরিয়ায় দায়েশের ভৌগোলিক শাসনের অবসান ঘোষণার মধ্য দিয়ে ২০১৭ সালের ২১ নভেম্বর ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি লিখেছিলেন আইআরজিসির কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি। ইরানের জাতীয় বীর দিবসে সেই চিঠি ও দায়েশবিরোধী অভিযানে তাঁর ভূমিকা আবারও আলোচনায় এসেছে।
২০১৭ সালের ২১ নভেম্বর। সিরিয়ার যুদ্ধক্ষেত্র থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির কার্যালয়ে একটি চিঠি পাঠান ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি।
চিঠির মূল বার্তা ছিল সংক্ষিপ্ত, কিন্তু তাৎপর্যপূর্ণ। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ভূখণ্ডভিত্তিক শাসনের অবসান হয়েছে।
সিরিয়ায় দায়েশের সর্বশেষ বড় ঘাঁটি আবু কামাল মুক্ত হওয়ার পর সংগঠনটির কালো পতাকা নামিয়ে সেখানে সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সোলেইমানি নিজেকে দায়িত্বপ্রাপ্ত একজন সৈনিক হিসেবে উল্লেখ করে চিঠিতে দায়েশের ভৌগোলিক আধিপত্যের অবসানের ঘোষণা দেন।
এর পেছনে ছিল কয়েক বছরের রক্তক্ষয়ী সংঘাত, হাজারো মানুষের প্রাণহানি এবং পশ্চিম এশিয়াজুড়ে বিস্তৃত সামরিক অভিযান। দায়েশ ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল, বেসামরিক মানুষ হত্যা, গণবিচ্যুতি এবং ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের মাধ্যমে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল।
সোলেইমানি তাঁর চিঠিতে দায়েশবিরোধী যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদের অবদান স্মরণ করেন। নিহত ও আহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ ও আঞ্চলিক রাজনৈতিক হিসাব-নিকাশ কীভাবে এ সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান ও বিস্তারে ভূমিকা রেখেছিল, সে বিষয়েও আলোকপাত করেন।
নয় বছর পর ইরানের জাতীয় বীর দিবস উপলক্ষে সেই চিঠি আবারও সামনে এসেছে। দায়েশবিরোধী সামরিক অভিযানে সোলেইমানির ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে।
২০১৪: ইরাক ও সিরিয়ায় দায়েশের উত্থান
দায়েশের উত্থানের তাৎপর্য বুঝতে ফিরে যেতে হয় ২০১৪ সালের গ্রীষ্মে। সে সময় গোষ্ঠীটি পশ্চিম এশিয়ার মানচিত্র বদলে দেওয়ার মতো সামরিক শক্তি অর্জন করেছিল।
দায়েশের শিকড় ছিল ইরাকে আল-কায়েদার নেটওয়ার্কে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসন এবং দেশটির রাষ্ট্রীয় ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার পর সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে ওই নেটওয়ার্ক শক্তিশালী হয়ে ওঠে।
২০০৬ সালের অক্টোবরে আবু ওমর আল-বাগদাদি তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক প্রতিষ্ঠার ঘোষণা দেন। ২০১০ সালে আবু বকর আল-বাগদাদি সংগঠনটির নেতৃত্ব গ্রহণ করেন। সিরিয়ায় যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে গোষ্ঠীটি সেখানেও নিজেদের কর্মকাণ্ড বিস্তৃত করে।
২০১৩ সালে তারা নিজেদের ‘ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া’ ঘোষণা করে। এরপর আসে মসুল দখলের ঘটনা।
২০১৪ সালের জুনে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে নেয় দায়েশ। ইরাকি সেনাবাহিনীর অবস্থান ভেঙে পড়ে এবং বিপুল সামরিক সরঞ্জাম ও সম্পদের নিয়ন্ত্রণ পায় গোষ্ঠীটি। বাগদাদও হুমকির মুখে পড়ে। কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের নিরাপত্তাও ঝুঁকিতে পড়ে।
অন্যদিকে, সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করতে থাকে দায়েশ। তারা গণহত্যা, নারী ও মেয়েদের দাসত্বে বাধ্য করা, ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংস এবং বিভিন্ন জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালায়। খ্রিষ্টান, ইয়াজিদি, মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের হামলার শিকার হন।
এ পর্যায়ে দায়েশ আর বিচ্ছিন্ন কোনো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ছিল না। তাদের ছিল নিজস্ব সামরিক বাহিনী, নিয়ন্ত্রিত ভূখণ্ড, অর্থনৈতিক সম্পদ এবং সন্ত্রাসের মাধ্যমে স্থায়ী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষা।
যুদ্ধের সামনের সারিতে সোলেইমানি
২০১৪ সালের আগস্টে দায়েশের যোদ্ধারা এরবিলের দিকে অগ্রসর হলে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠে।
কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানি যুক্তরাষ্ট্র, তুরস্ক, যুক্তরাজ্য, ফ্রান্স ও সৌদি আরবের কাছে জরুরি সহায়তা চেয়েছিলেন। বারজানির বর্ণনা অনুযায়ী, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা না পেয়ে তিনি ইরানের সঙ্গে যোগাযোগ করেন এবং জেনারেল সোলেইমানির সহায়তা চান।
সোলেইমানি পরদিন সকালেই পৌঁছানোর প্রতিশ্রুতি দেন এবং রাতভর শহরটি ধরে রাখার জন্য বারজানিকে অনুরোধ করেন।
বারজানির ভাষ্য অনুযায়ী, সোলেইমানি প্রায় ৫০ জন সদস্য নিয়ে এরবিল বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি যুদ্ধের সম্মুখসারিতে যান এবং পেশমার্গা বাহিনীকে পুনর্গঠনে সহায়তা করেন।
ইরাক ও সিরিয়ায় ইরানের ভূমিকা শুধু এরবিলের ওই ঘটনায় সীমাবদ্ধ ছিল না। বাগদাদ ও দামেস্কের সরকারের অনুরোধে তেহরান দায়েশবিরোধী বাহিনীকে সামরিক উপদেষ্টা ও অন্যান্য সহায়তা দেয়।
ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) অভিযানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। সিরিয়ায় ইরানি উপদেষ্টারা দেশটির সেনাবাহিনী ও মিত্র বাহিনীগুলোর সঙ্গে কাজ করেন।
দুই দেশের যুদ্ধক্ষেত্রে যাতায়াত, স্থানীয় কমান্ডারদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে সোলেইমানি আঞ্চলিক দায়েশবিরোধী অভিযানের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন।
ইরাকি ও সিরীয় সেনা, ইরানি উপদেষ্টা, হিজবুল্লাহ যোদ্ধা এবং আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা স্বেচ্ছাসেবীরা এই অভিযানে অংশ নেন। ২০১৭ সালের চিঠিতে সোলেইমানি এসব যোদ্ধার অবদান স্বীকার করেন এবং নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।
দায়েশের উত্থানের পেছনে কারা ছিল?
দায়েশ কোনো রাজনৈতিক শূন্যতা থেকে জন্ম নেয়নি—এমনটাই দাবি করেছে ইরানি সূত্রের এই বিশ্লেষণ। এতে বলা হয়েছে, বিদেশি হস্তক্ষেপ, আঞ্চলিক সংঘাত এবং ওয়াশিংটন ও তেল আবিবের রাজনৈতিক কৌশল গোষ্ঠীটির উত্থানের পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছিল।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়ে এবং সেনাবাহিনী বিলুপ্ত করা হয়। এর ফলে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যেই ইরাকে আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের সুযোগ পায়, যা পরবর্তী সময়ে দায়েশে রূপ নেয়।
সিরিয়ায় সরকার পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নীতি এবং সশস্ত্র বিরোধীদের প্রতি সমর্থন নিয়েও প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, সংঘাত ক্রমে চরমপন্থি ও সাম্প্রদায়িক সশস্ত্র গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে পড়ে।
২০১২ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) একটি অবমুক্ত নথিতে সিরিয়ার বিদ্রোহের পেছনে আল-কায়েদা ইন ইরাক, মুসলিম ব্রাদারহুড ও সালাফি গোষ্ঠীগুলোকে ‘প্রধান শক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
নথিতে আরও বলা হয়েছিল, পশ্চিমা দেশ, পারস্য উপসাগরীয় রাষ্ট্র এবং তুরস্ক সিরিয়ার পূর্বাঞ্চলে ভূখণ্ড দখলের লক্ষ্যে বিরোধীদের প্রচেষ্টায় সহায়তা করছিল।
বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল, পূর্ব সিরিয়ায় একটি ‘সালাফি প্রিন্সিপালিটি’ প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। আল-কায়েদা ইন ইরাক সিরিয়া ও ইরাকে সক্রিয় অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে একীভূত হয়ে একটি ‘ইসলামিক স্টেট’ ঘোষণা করতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, সিরিয়ার সরকারকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বিরোধীদের সমর্থনকারী শক্তিগুলোর উদ্দেশ্যের সঙ্গে এমন পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ হতে পারে বলে নথিতে উল্লেখ ছিল।
অর্থাৎ, দায়েশ তথাকথিত খেলাফত ঘোষণার প্রায় দুই বছর আগেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিরিয়া-ইরাক সীমান্তজুড়ে এমন একটি রাষ্ট্রসদৃশ সত্তা গড়ে ওঠার সম্ভাবনার কথা নথিভুক্ত করেছিল।
সিরিয়ার যুদ্ধে ইসরায়েলের ভূমিকা নিয়ে বিতর্ক
সিরিয়ার যুদ্ধে ইসরায়েলের ভূমিকা নিয়েও প্রতিবেদনে বিভিন্ন অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়েছে।
২০১৯ সালের জানুয়ারিতে বিদায়ী ইসরায়েলি সেনাপ্রধান গাদি আইজেনকোট স্বীকার করেছিলেন যে, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইসরায়েল অস্ত্র সরবরাহ করেছে। এর আগে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে দক্ষিণ সিরিয়ার কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে ইসরায়েলের আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার কথা উঠে এসেছিল।
এসব সহায়তার মধ্যে অস্ত্র, গোলাবারুদ এবং যোদ্ধাদের অর্থ দেওয়ার বিষয়ও ছিল। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টের আহত সদস্যদের ইসরায়েলি বাহিনীর চিকিৎসা দেওয়ার খবরও সে সময় প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ছিল ইসরায়েলের একটি কৌশল। এর উদ্দেশ্য ছিল সিরীয় সরকারের নিয়ন্ত্রণ দুর্বল করা এবং ইরান ও প্রতিরোধ আন্দোলনের মিত্র বাহিনীগুলোর অবস্থান শক্তিশালী হওয়া ঠেকানো।
দায়েশের ব্যবহৃত সামরিক সরঞ্জাম নিয়েও বহিরাগত সহায়তার প্রশ্ন ওঠে। সংগঠনটির যোদ্ধাদের মার্কিন তৈরি হুমভি সামরিক যান ব্যবহার করতে দেখা গেছে। তাদের কাছে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও সৌদি আরবের উৎস থেকে আসা গোলাবারুদ, বিস্ফোরক ও অন্যান্য সামরিক সরঞ্জাম ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু সরঞ্জামের মধ্যে ইসরায়েলি উৎসের গোলাবারুদও থাকার কথা বলা হয়েছে।
সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহর দখলের পর বহিরাগত সমর্থনের বিষয়টি আরও আলোচনায় আসে। রাজনৈতিক বিশ্লেষক ড. টিম অ্যান্ডারসন এক সিরীয় জেনারেলের বক্তব্য উদ্ধৃত করে দাবি করেছিলেন, ওয়াশিংটন এবং তার আঞ্চলিক মিত্র তুরস্ক, সৌদি আরব, কাতার ও ইসরায়েল পালমিরা দখলের অভিযানে সহায়তা করেছিল।
ইরানের নেতৃত্ব বরাবরই দাবি করে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক রাজনীতিতে তাকফিরি উগ্রবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের মতে, এর লক্ষ্য ছিল স্বাধীন সরকারগুলোকে দুর্বল করা, মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভক্তি বাড়ানো এবং ইসরায়েলবিরোধী প্রতিরোধকে ক্ষতিগ্রস্ত করা।
সোলেইমানির চিঠির জবাবে আয়াতুল্লাহ আলী খামেনিও দায়েশকে মুসলিমদের মধ্যে গৃহযুদ্ধ উসকে দেওয়া, ইসরায়েলবিরোধী প্রতিরোধ ধ্বংস করা এবং স্বাধীন সরকারগুলোকে দুর্বল করার একটি বৃহত্তর পরিকল্পনার হাতিয়ার হিসেবে বর্ণনা করেছিলেন।
তবে দায়েশের উত্থানে বিদেশি শক্তিগুলোর ভূমিকা নিয়ে বিভিন্ন দেশের অবস্থান ও মূল্যায়ন এক নয়। যুক্তরাষ্ট্র নিজেকে দায়েশবিরোধী আন্তর্জাতিক অভিযানের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে ইরান বলেছে, বিদেশি হস্তক্ষেপ ও আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্বের বাইরে রেখে গোষ্ঠীটির উত্থান ব্যাখ্যা করা যায় না।
আবু কামাল: দায়েশের ভূখণ্ডভিত্তিক শাসনের অবসান
২০১৭ সালের নভেম্বর নাগাদ ইরাকে মসুলসহ দায়েশের অধিকাংশ বড় ঘাঁটির পতন ঘটে। সিরিয়ায়ও সামরিক অভিযানের চাপে গোষ্ঠীটি ইরাক সীমান্তের কাছের আবু কামাল শহরে কোণঠাসা হয়ে পড়ে।
আবু কামাল মুক্ত হওয়ার মধ্য দিয়ে ইরাক ও সিরিয়ায় দায়েশের ভূখণ্ডভিত্তিক শাসন প্রকল্প কার্যত ভেঙে পড়ে।
সোলেইমানি তাঁর চিঠিতে দায়েশের রেখে যাওয়া ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরেন। ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, বাস্তুচ্যুত মানুষ, বিধ্বস্ত ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করেন তিনি।
তিনি জানান, আবু কামাল মুক্ত হয়েছে, দায়েশের পতাকা নামানো হয়েছে এবং সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্য দিয়ে ইরাক ও সিরিয়ায় গোষ্ঠীটির গড়ে তোলা ভূখণ্ডভিত্তিক প্রকল্পের পতন ঘটেছে।
চিঠির জবাবে আয়াতুল্লাহ খামেনি সোলেইমানি ও অভিযানে অংশ নেওয়া বাহিনীগুলোকে অভিনন্দন জানান। তিনি তাঁদের অর্জনকে বিশ্বের অত্যাচারী শক্তিগুলোর রোপণ করা একটি অশুভ বৃক্ষ উপড়ে ফেলার সঙ্গে তুলনা করেন। তবে একই সঙ্গে সতর্ক করেন, দায়েশের ভূখণ্ডগত পরাজয় মানেই এর উত্থানের পেছনে থাকা শক্তি ও নীতির অবসান নয়।
সোলেইমানির হত্যাকাণ্ড
দায়েশবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সোলেইমানিকে ২০২০ সালের ৩ জানুয়ারি হত্যা করে যুক্তরাষ্ট্র। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় তিনি নিহত হন।
ইরানের দৃষ্টিতে ঘটনাটি ছিল এক বড় বৈপরীত্যের প্রতীক। কারণ, যে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেকে লড়াইয়ের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে তুলে ধরেছিল, সেই সংগঠনের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কমান্ডারকেই ওয়াশিংটন হত্যা করে।
২০১৭ সালের ২১ নভেম্বরের চিঠি তাই শুধু একটি সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণার দলিল নয়; এটি দায়েশবিরোধী যুদ্ধে ইরানের ভূমিকা, আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা এবং সোলেইমানির সামরিক উত্তরাধিকার নিয়ে তেহরানের রাজনৈতিক মূল্যায়নেরও গুরুত্বপূর্ণ দলিল।
শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় ১৫ কারখানায় ছুটি ঘোষণা
ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে কঠোর ব্যবস্থা চান গাদি আইজেনকোট
সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থান
ইরানে ভেজাল মদ পানে ৩ জনের মৃত্যু, বিষক্রিয়ায় আক্রান্ত ৬৬
পুরোনো ছবি দিয়ে আগের বিশ্বব্যবস্থা ফিরবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা
রাশমিকার ‘মাইসা’ সিনেমার মুক্তি পেছালো, নতুন সিদ্ধান্ত জানাল নির্মাতা
তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু
ইরান সীমান্ত থেকে ২ হাজার কিলোমিটার দূরেও নিরাপদ নয় মার্কিন বাহিনী: ঘোরেইশি
পশ্চিম তীরে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত করছে ইসরায়েলি বাহিনী