ইরানের এক কর্মকর্তা দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরের কাছে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, বুশেহর প্রদেশের স্থানীয় কর্মকর্তা এহসান জাহানিয়ান দাবি করেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুরের দিকে এ হামলা চালানো হয়। এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ হয়েছে।
তবে হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা পারমাণবিক স্থাপনাটি নিরাপদ রয়েছে কি না, সে বিষয়ে ইরানি কর্মকর্তারা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।
এদিকে ইরানের এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা