ইরান-চীন-রাশিয়া রেল করিডরের সেতুতে মার্কিন হামলা

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

ইরানের উত্তরাঞ্চলে চীন–ইরান রেল করিডরের একটি গুরুত্বপূর্ণ রেলসেতুতে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স, ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে, রাতভর মার্কিন হামলায় গোলেস্তান প্রদেশের আক তাকেহ খান রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেতুটি এমন একটি রেলপথের অংশ, যা তুর্কমেনিস্তান ও কাজাখস্তান হয়ে চীনের সঙ্গে ইরানের স্থল বাণিজ্যিক সংযোগ বজায় রাখে। চলতি বছরে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানের উপসাগরীয় বন্দরগুলোতে চাপ তৈরি হওয়ার পর এই রুটটির কৌশলগত গুরুত্ব আরও বেড়ে যায় বলে দাবি করেছে ফার্স।

ইরানি সংবাদমাধ্যমটির ভাষ্য, ২০২৫ সালের শেষ দিক থেকে রাশিয়াও এই রেলপথ ব্যবহার করে ইরানে পণ্য পরিবহন করে আসছে। ফলে এটি শুধু চীনের সঙ্গেই নয়, রাশিয়ার সঙ্গেও ইরানের গুরুত্বপূর্ণ স্থল যোগাযোগের একটি অংশে পরিণত হয়েছে।

তবে হামলায় সেতুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ফার্সের দাবি, ক্ষতিগ্রস্ত রেলসেতুর মেরামত দ্রুত শেষ করা হবে এবং অল্প সময়ের মধ্যেই সেখানে স্বাভাবিক যোগাযোগ পুনঃস্থাপন করা সম্ভব হবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: ডন

AS
আরও পড়ুন