জর্ডানের আজরাক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির দাবি, ঘাঁটিটিতে থাকা যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

ইরানি বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, ওয়াশিংটন যদি আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিও ইরানের ‘ভারী গোলাবর্ষণের’ লক্ষ্যবস্তু হবে।

তবে ইরানের এই দাবির সঙ্গে ভিন্ন তথ্য দিয়েছে জর্ডান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। এতে কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ইরান ও জর্ডানের পরস্পরবিরোধী দাবির মধ্যে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সূত্র: আলজাজিরা