নিজেদের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং সে ক্ষেত্রে ইসরায়েলও রেহাই পাবে না বলে সতর্ক করেছে ইরান। সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই নতুন হুঁশিয়ারি দেওয়া হলো।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর শুক্রবার (১০ জুলাই) এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা বা অবকাঠামো লক্ষ্য করে যেকোনো হামলার জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে এবং এর পরিণতি হামলাকারীদেরই বহন করতে হবে।
জোলকাদর আরও ইঙ্গিত দেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া শুধু প্রতিরক্ষামূলক হবে না, বরং প্রয়োজন হলে তা আরও বিস্তৃত পরিসরে গড়াতে পারে।
তার ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে ইসরায়েলও কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারবে না।
এদিকে সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও কূটনৈতিক তৎপরতাও সমান্তরালভাবে চলছে। মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কাতার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে পরিস্থিতির আরও অবনতি রোধ করা যায় এবং দুই পক্ষের মধ্যে যোগাযোগের পথ খোলা থাকে। সূত্র: আলজাজিরা