আত্মরক্ষায় প্রস্তুত ইরান: আরাঘচি

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে আরও কোনো আগ্রাসন হলে আত্মরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান কোনো ধরনের ছাড় দেবে না।

এক বিবৃতিতে আরাঘচি বলেন, ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ চলমান কূটনৈতিক প্রক্রিয়াকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

ইরানের প্রকাশিত তথ্য অনুযায়ী, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে এক ফোনালাপে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায়, তাহলে ইরান আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে আসিম মুনির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন নতুন করে তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে তেহরানের এই কঠোর অবস্থান দুই দেশের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন