না ফেরার দেশে কাতারের সাবেক আমির শেখ হামাদ

কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনের অন্যতম প্রধান স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। ৭৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন কাতারের সাবেক এই রাষ্ট্র নেতা।

রোববার (১২ জুলাই) দেশটির রাষ্ট্রিয় দপ্তর এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে আমিরি দিওয়ান জানায়, আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল বিশ্বাস রেখে গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানানো হচ্ছে। শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে দেশটি প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। একই সময়ে কাতারে ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে দেশটির প্রভাব বৃদ্ধি পায়।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন এবং ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেন। এরপর থেকে তিনি ‘ফাদার আমির’ নামে পরিচিত ছিলেন।

শেখ হামাদের মৃত্যুতে কাতারজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। তার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।