হরমুজ ইরানের জাতীয় নিরাপত্তার অংশ: রেজাই

হরমুজ প্রণালি শুধু একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নয়, বরং ইরানের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা কৌশল এবং কৌশলগত প্রতিরোধ ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই। তার ভাষায়, এই প্রণালি ইরানের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশের প্রতিরক্ষা নীতির অবিচ্ছেদ্য অংশ।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে রেজাই বলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য একটি ‘কৌশলগত প্রতিরোধের মাধ্যম’। দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক প্রস্তুতি এবং জাতীয় শক্তির ওপর নির্ভর করেই তেহরান তার নিরাপত্তা ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখবে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

রেজাই আরও বলেন, হরমুজকে শুধু একটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে দেখলে এর গুরুত্ব পুরোপুরি বোঝা যাবে না। এটি ইরানের নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা দেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে।

তাই জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রয়োজন হলে এই জলপথকে ঘিরে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে ইরান প্রস্তুত রয়েছে।

এর আগে ইরানের সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হিসেবে পরিচিত এই প্রণালি বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহ, জ্বালানি নিরাপত্তা এবং বাজার পরিস্থিতি নিয়েও অনিশ্চয়তা আরও বেড়ে যায়। সূত্র: আলজাজিরা