মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দেওয়ার পর এই হুঁশিয়ারি আসে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি রপ্তানিতে বাধা সৃষ্টি করে, তাহলে পুরো অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানিও ঝুঁকির মুখে পড়বে।
বিবৃতিতে বলা হয়, ‘এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি হয় সবার জন্য হবে, নতুবা কারও জন্যই হবে না।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এ জন্য আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ থেকে অর্থও আদায় করা হবে।
এই ঘোষণার পরই আইআরজিসি পাল্টা কঠোর অবস্থান জানিয়ে সতর্ক করে যে, ইরানের ওপর চাপ বাড়ানো হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সূত্র: আলজাজিরা