জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়ে এসি রুমে কাজ করছেন পেজেশকিয়ান! সমালোচনার ঝড়

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম

জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে অল্প আলো ও শীতাতপ নিয়ন্ত্রণহীন শীতল কক্ষে কাজ করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তাঁর এই উদ্যোগ প্রশংসার বদলে দেশটির কট্টরপন্থীদের সমালোচনার মুখে পড়েছে। তাঁদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের কঠিন সময়ে প্রেসিডেন্টের এমন আচরণ দেশের দুর্বলতার বার্তা দিচ্ছে।

চলতি সপ্তাহের শুরুতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তাঁর দপ্তর ঠান্ডা থাকায় তিনি জ্যাকেট পরে কাজ করেন। বাড়িতেও জ্যাকেট পরে ঘুমান। তাপমাত্রা আরও কমে গেলে জ্বালানি সাশ্রয়ের জন্য ছোট কক্ষে চলে যাওয়ার কথাও জানান তিনি।

সমর্থকেরা তাঁর এই আচরণকে সাধারণ মানুষের সঙ্গে সংহতি এবং ব্যক্তিগত মিতব্যয়িতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তবে সমালোচকেরা বিষয়টিকে রাজনৈতিক বিতর্কে পরিণত করেছেন। কেউ কেউ তাঁর এই আচরণের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের জনতুষ্টিবাদী রাজনীতির তুলনা করছেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাবনাক ‘মি. পেজেশকিয়ান, আপনার অন্ধকার কক্ষ দুর্বলতার প্রদর্শন’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে।

নিবন্ধে স্বীকার করা হয়, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া ইরানিদের সঙ্গে সংহতি প্রকাশ এবং জ্বালানি সাশ্রয়ে উৎসাহ দিতেই সম্ভবত প্রেসিডেন্ট এমন উদ্যোগ নিয়েছেন।

তবে নিবন্ধে প্রশ্ন তোলা হয়, ‘দেশ যখন একটি কঠিন ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে আছে, তখন প্রেসিডেন্টের কর্মস্থলে পরিকল্পিতভাবে অন্ধকার তৈরি করা কি দেশের ভেতরে ও দেশের বাইরে সঠিক বার্তা পাঠায়?’

তাবনাকের যুক্তি, যুদ্ধ ও বিদেশি চাপ মোকাবিলার সময় একটি দেশের কার্যকর ব্যবস্থাপনা ও শক্তিমত্তার ভাবমূর্তি তুলে ধরা উচিত।

রক্ষণশীল পত্রিকা ফারহিখতেগানও ‘অন্ধকার কক্ষ থেকে ভুল বার্তা’ শিরোনামে প্রকাশিত নিবন্ধে পেজেশকিয়ানের সমালোচনা করেছে। পত্রিকাটি তাঁর উদ্যোগকে সাজানো প্রদর্শনী হিসেবে বর্ণনা করে। তাদের মতে, এতে ‘প্রতিরোধের’ পরিবর্তে ‘সংকট’ ও ‘নিষ্ক্রিয়তার’ বার্তা প্রকাশ পেয়েছে।

ফারহিখতেগান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির হরমুজ প্রণালি দুই দিনের জন্য খুলে দেওয়ার প্রস্তুতির কথাও উল্লেখ করেছে। পত্রিকাটির মতে, এটিও সরকারের দুর্বলতার বার্তা দেওয়ার আরেকটি উদাহরণ।

কট্টরপন্থী বিশ্লেষক আলী আবদি শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত হোকমরানান অনলাইনের একটি ভিডিওতে গোলটেবিল আলোচনায় প্রেসিডেন্টের এমন উপস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘যুদ্ধের পাঁচ বছর পর পুতিন কিংবা জেলেনস্কিকে অন্ধকার কক্ষে বসে থাকতে কেউ কি দেখেছেন?’

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও পেজেশকিয়ানের অল্প আলো ও শীতল দপ্তরের ছবি নিয়ে বিদ্রূপ করেছেন। এক্সে তিনি ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন শেয়ার করে লেখেন, ‘বেশ করেছেন, বন্ধুরা। শীতকালটা দারুণ কাটুক।’

এই বিতর্কে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে পেজেশকিয়ানের আচরণের তুলনা নতুন করে সামনে এসেছে। আহমাদিনেজাদ সাধারণ জীবনযাপন ও অনাড়ম্বর আচরণের মাধ্যমে জনতুষ্টিবাদী রাজনৈতিক ভাবমূর্তি গড়ে তুলেছিলেন।

গত বছরের নভেম্বরে ইরানের জাতীয় ফুটবল সেন্টারে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে পেজেশকিয়ানের ফুটবল খেলার ছবি প্রকাশের পরও একই ধরনের তুলনা করা হয়েছিল।

তখন সংবাদমাধ্যম রুয়দাদ২৪ লিখেছিল, ঘটনাটি খেলোয়াড়দের সঙ্গে প্রেসিডেন্টের বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ বলে মনে হতে পারে। কিন্তু তাঁর অন্যান্য প্রকাশ্য কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে দেখলে একটি ধারাবাহিক প্রবণতা চোখে পড়ে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘দেশের পরিস্থিতি যত সংকটময় হচ্ছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আচরণ তত বেশি জনতুষ্টিবাদী হয়ে উঠছে।’

সরকারি কর্মকর্তারা অবশ্য প্রেসিডেন্টের উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের মতে, যুদ্ধকালীন কঠিন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে জনগণকে উৎসাহিত করতেই তিনি এমন আচরণ করছেন।

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি পেজেশকিয়ানের আচরণকে সাহসী ও সৎ বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, কঠিন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তা এই উদ্যোগের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

সরকারের তথ্য পরিষদের প্রধান ইলিয়াস হাজরাতিও বলেন, জ্বালানি সাশ্রয়, অর্থনৈতিক সক্ষমতা জোরদার এবং ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় দেশকে সহায়তা করার বার্তা দিতেই প্রেসিডেন্ট দপ্তরের আলো নিভিয়েছেন।

ইরানের মর্যাদা তুলে ধরতে প্রেসিডেন্টকে ঝাড়বাতিতে আলোকিত বিশাল কক্ষে বসে থাকতে হবে না বলেও মন্তব্য করেন হাজরাতি।

সংস্কারপন্থী সংবাদপত্র সাজানদেগি বুধবার (২৫ নভেম্বর) ‘নব্য বাস্তববাদী প্রেসিডেন্ট’ শিরোনামের সম্পাদকীয়তে পেজেশকিয়ানের পক্ষে যুক্তি তুলে ধরে।

পত্রিকাটির মতে, প্রেসিডেন্টের আচরণ তাঁর সততা এবং জনগণকে বিভ্রান্ত না করার মানসিকতার প্রতিফলন। জ্যাকেট পরে থাকা, জ্বালানি সাশ্রয়ের কথা বলা এবং অল্প আলোয় কাজ করার মাধ্যমে তিনি ইরানের রাজনীতিতে দীর্ঘদিনের একটি প্রবণতাকে চ্যালেঞ্জ করেছেন। সেই প্রবণতা হলো, অস্বস্তিকর বাস্তবতা আড়াল করে সবকিছু নিখুঁত দেখানোর চেষ্টা।

সম্পাদকীয়তে বলা হয়, ‘প্রেসিডেন্টের প্রধান দায়িত্ব হলো বাস্তবতাকে দেখা, তা আড়াল না করা, জনগণের সঙ্গে সৎ থাকা এবং পরিস্থিতি উত্তরণের উপায় বের করা। এরপর নিজের সব শক্তি ও সক্ষমতা দিয়ে সেই সমাধান বাস্তবায়ন করা।’

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত