লিবিয়ার পূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও ফার্স্টপোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের কাছে গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। কোস্ট গার্ড কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ইতালির উদ্দেশে রওনা হয়েছিল। উপকূল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ডুবে যায়। এতে অধিকাংশ যাত্রী সাগরের স্রোতে ভেসে যান।
নৌকাডুবির পর ১০ জন যাত্রী সাঁতরে কাছের বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে কোস্ট গার্ড।
সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় এটিই সর্বশেষ। এর আগে গত মাসে একই উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায় ৫১ জন নিখোঁজ হন।
গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে লিবিয়ার উপকূল অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ এ যাত্রাপথে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে এবং বহু অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হন।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের অধিকাংশই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। ইউরোপে পৌঁছানোই ছিল তাদের লক্ষ্য।