লিবিয়ার বেনগাজিতে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপীয় মিত্রদের সঙ্গে আগাম সমন্বয় না করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক অভিযান চালানোয় ইতালির নিরাপত্তা ও স্বার্থ ঝুঁকিতে পড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছে রোম। এ নিয়ে গত ২৭ নভেম্বর জেলেনস্কির সঙ্গে ফোনালাপে অসন্তোষের কথা জানান মেলোনি।
ইতালির সংবাদমাধ্যম *কোরিয়েরে দেলা সেরা*র বরাত দিয়ে ইউক্রেনীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, ফোনালাপের সময় মেলোনি জেলেনস্কিকে বলেন, তাঁর কর্মকাণ্ডে তিনি ‘সত্যিই অতিষ্ঠ’। ফোনালাপের কয়েক মিনিট আগেও ঘনিষ্ঠ সহযোগীদের কাছে ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী।
বিতর্কের সূত্রপাত বেনগাজিতে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে। জেলেনস্কি প্রথমে দাবি করেছিলেন, রাশিয়ার জাহাজ লক্ষ্য করে পরিচালিত অভিযানের বিষয়ে পশ্চিমা অংশীদারদের সঙ্গে সমন্বয় করা হয়েছিল। তবে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এ দাবি নাকচ করে বলেন, কিয়েভ তাদের পরিকল্পনা সম্পর্কে রোমকে কিছুই জানায়নি।
পরবর্তী সময়ে জেলেনস্কি স্বীকার করেন, অভিযানটি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আগাম সমন্বয় করে পরিচালনা করা হয়নি। ইতালির প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, ফোনালাপে মেলোনি বেনগাজি বন্দরে ইউক্রেনের সামরিক অভিযানের বিষয়ে সরকারের উদ্বেগ জানিয়েছেন। তাঁর মতে, এ অভিযান লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের পাশাপাশি ভূমধ্যসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। জেলেনস্কি ভবিষ্যতে ইতালির সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদানের আশ্বাস দিয়েছেন।
গত ২২ নভেম্বর লিবিয়ার বেনগাজি বন্দরের নৌঘাঁটিতে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানায়, ড্রোন হামলায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জাহাজটিকে রাশিয়ার নৌবাহিনীর করভেট যুদ্ধজাহাজ ‘মার্কুরি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। হামলায় রুশ ও লিবীয় নাগরিকসহ ১০ জন আহত হন।
এর পরদিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হামলার দায় স্বীকার করেন। তিনি জানান, ইউক্রেনের তৈরি সাতটি নৌ-ড্রোন দিয়ে অভিযান চালানো হয়। এতে রাশিয়ার যুদ্ধজাহাজ মার্কুরি ডুবিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রুশ বাহিনীর অস্ত্র পরিবহনে ব্যবহৃত ‘এমভি আঙ্গারা’ নামের একটি পণ্যবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে বলে দাবি করেন তিনি।
একই দিনে বেনগাজির উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন বোটের হামলার খবর পাওয়া যায়। লিবিয়ার সামরিক সূত্র রয়টার্সকে জানায়, নৌবাহিনী জাহাজটির কর্মীদের উদ্ধার করেছে। এ ছাড়া উপকূলের কাছে ২০টির বেশি ড্রোন বোট প্রতিহত করার দাবি করে লিবিয়ার বাহিনী।
লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের উপপ্রধান মুসা আল-কোনি হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সামরিক অভিযান দেশটির সার্বভৌমত্বের জন্য হুমকি। অন্যদিকে, পূর্বাঞ্চলীয় প্রশাসন হামলার আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে আবেদন করেছে। ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞদের লিবিয়ায় উপস্থিতি এবং পশ্চিমাঞ্চল থেকে ড্রোন উৎক্ষেপণের অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
লিবিয়া ইতালির জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ও ভূরাজনৈতিক অংশীদার। দেশটির জ্বালানি প্রতিষ্ঠান এনির লিবিয়ার তেল ও গ্যাস খাতে কার্যক্রম রয়েছে। পাশাপাশি উত্তর আফ্রিকা থেকে ইউরোপে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও লিবিয়ার স্থিতিশীলতা ইতালির কাছে গুরুত্বপূর্ণ।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া রাজনৈতিক বিভাজন ও ক্ষমতার দ্বন্দ্বে রয়েছে। দেশটি কার্যত ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী প্রশাসনের নিয়ন্ত্রণে বিভক্ত। এমন পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সামরিক তৎপরতা লিবিয়ার ভূখণ্ডে ছড়িয়ে পড়লে দেশটির অস্থিতিশীলতা আরও বাড়তে পারে।
এদিকে ২৩ নভেম্বর লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) হামলার ঘটনায় স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। সংস্থাটি সতর্ক করে বলে, লিবিয়াকে কোনোভাবেই বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হতে দেওয়া যাবে না।
২৬ নভেম্বর ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের বৈঠকের আগে মেলোনিও স্পষ্ট করে বলেন, ইউক্রেন যুদ্ধ ভূমধ্যসাগরে ছড়িয়ে পড়া উচিত নয়। একই সঙ্গে তিনি ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা অব্যাহত রাখার পক্ষে অবস্থান জানান। তবে ইতালির সীমান্ত, নাগরিক ও আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে আপস করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: রয়টার্স
অর্থনীতি ভালো থাকলে তথ্য কোথায়, ইরানকে প্রশ্ন যুক্তরাষ্ট্রের
শেষ স্থানীয় যোদ্ধাও নিহত, কাশ্মীরে কি বিদ্রোহের অবসান?
চলচ্চিত্র ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে একমত ইরান-ভারত