ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় তিনটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে মার্কিন বাহিনী।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করা তিনটি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে নির্দেশনা না মানায় একটি জাহাজ অচল করে দেওয়া হয়। অপর একটি জাহাজে উঠে তল্লাশি চালিয়ে অবরোধ মেনে চলা নিশ্চিত করা হয়েছে।
সেন্টকম আরও জানায়, বৃহস্পতিবার ওমান উপসাগরে ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা ‘ওয়েন ইয়াও’ নামের একটি মোটর ট্যাংকারে উঠে যাচাই-বাছাই অভিযান পরিচালনা করেন।
মার্কিন সামরিক বাহিনীর দাবির বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালি ও আশপাশের জলপথ স্বাভাবিকভাবে উন্মুক্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভাষ্য, চলমান মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করা যেকোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।