জর্ডানে ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বিমান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের রাতভর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হামলায় মার্কিন বাহিনীর কয়েকটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তাদের দাবি।

বিবৃতিতে জর্ডানের জনগণের প্রতিও আহ্বান জানানো হয়। আইআরজিসি দেশটিতে অবস্থানরত ‘আগ্রাসী ও ইসলামবিরোধী’ মার্কিন স্বার্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি জর্ডান সরকার কিংবা মার্কিন সামরিক বাহিনী। সূত্র: আলজাজিরা