ইরানের হামলার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে কুয়েতে একাধিক দমকলকর্মী ও একজন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার ফোর্স।
এক বিবৃতিতে কুয়েত ফায়ার ফোর্স জানায়, হামলার পর দুটি স্থানে আগুন লাগে। প্রথম ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের সময় কয়েকজন দমকলকর্মী এবং একজন শ্রমিক আহত হন। পরে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এর আগে কুয়েত জানিয়েছিল, ইরানের হামলায় দেশটির দুটি বিদ্যুৎকেন্দ্র ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার ফলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব বা আহতদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করেনি কুয়েত কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: আলজাজিরা