ইসরায়েল সেনা সরালে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ সম্ভব: আউন

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ছাড়া হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন।

যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটন ডিসিতে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদের আয়োজিত এক নৈশভোজে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসের সদস্য এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

আউন বলেন, লেবাননের রাষ্ট্রীয় মডেল শুধু দেশটির জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ। এটি এমন এক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আদর্শেরও মিল রয়েছে।

হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আন্তরিকভাবে এগোতে হলে প্রথমেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। পাশাপাশি দেশের পুরো ভূখণ্ডে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং পুনর্গঠন কার্যক্রম রাষ্ট্রের একক তত্ত্বাবধানে পরিচালিত হতে হবে।

প্রেসিডেন্ট আউনের ভাষায়, ‘ইসরায়েলি দখল শেষ হলে, সেনাবাহিনী পুরো দেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে এবং পুনর্গঠন কার্যক্রম কেবল রাষ্ট্র পরিচালনা করলে তবেই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা সম্ভব হবে।’ সূত্র: আলজাজিরা