সৌদি আরব আব্রাহাম চুক্তিতে এলে মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক অগ্রগতি হবে

সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দিলে তা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তির সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগদানের বিষয়টি শর্ত হিসেবে উল্লেখ করার পর এ প্রতিক্রিয়া জানান তিনি।

নেতানিয়াহু বলেন, সৌদি আরব যদি আব্রাহাম চুক্তিতে যুক্ত হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি ঐতিহাসিক অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হবে।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দেওয়া সংক্রান্ত সম্ভাব্য চুক্তি রিয়াদের আব্রাহাম চুক্তিতে যোগদানের ওপর নির্ভর করছে।

তবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব। বরাবরের মতোই রিয়াদ তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে আসছে যে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তবসম্মত পথ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) সম্ভাব্য পারমাণবিক চুক্তির ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প সৌদি আরবের আব্রাহাম চুক্তিতে যোগদানকে কোনো শর্ত হিসেবে উল্লেখ করেননি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মরক্কো ও কাজাখস্তান আব্রাহাম চুক্তির স্বাক্ষরকারী দেশ। সূত্র: আলজাজিরা