পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে ২০২৬ সালের জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কিরগিজস্তানের চোলপন-আতায় সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে উভয় পক্ষ চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসহাক দার সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সব পক্ষকে সংযম, উত্তেজনা প্রশমন, সংলাপ এবং ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি বলেন, ২০২৬ সালের জুনে ইসলামাবাদ সমঝোতা স্মারকে যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, সেগুলোর বাস্তবায়নের ভিত্তিতে এগিয়ে যাওয়া প্রয়োজন।
বৈঠকে পাকিস্তানের অব্যাহত কূটনৈতিক সমর্থন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের ভূমিকার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজে থাকা ইরানি জেলে ও নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তন এবং দেশে ফেরাতে পাকিস্তানের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
বৈঠকের শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় ও নিয়মিত পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে একমত হন। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং যৌথ সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। সূত্র: ডন