মার্কিন হামলা বন্ধে পাল্টা হামলা থামাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র টানা দুই রাত ইরানের ওপর কোনো হামলা না চালানোর পর উপসাগরীয় দেশগুলো এবং এ অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে নিজেদের পাল্টা সামরিক অভিযানও স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরান।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, ইরানের সামরিক কৌশল মূলত প্রতিশোধমূলক ছিল এবং পরিস্থিতির পরিবর্তনের পর সেই প্রতিশোধমূলক অভিযানও আপাতত বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের কৌশল মূলত প্রতিশোধমূলক ছিল। তাই আমরাও আমাদের পাল্টা সামরিক অভিযান স্থগিত করেছি।’

প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ চলছিল। সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে ছিল হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সেখানে চলাচলকারী জাহাজের নিরাপত্তা।

প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৬ জুলাই) পর্যন্ত উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে টানা দ্বিতীয় রাতের মতো ইরানের ভেতরেও কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক এই বিরতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর সম্ভাবনা তৈরি করলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংঘাতের ভবিষ্যৎ গতিপথ অনেকটাই নির্ভর করবে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী সামরিক ও কূটনৈতিক পদক্ষেপের ওপর। সূত্র: আলজাজিরা