জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় দুই অভিভাবক ও তাদের এক শিশু নিহত হওয়ার জবাবে আল-আজরাক বিমানঘাঁটির রানওয়ে ও রক্ষণাবেক্ষণ শেড লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে বলে দাবি করা হয়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হামলায় তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি এবং রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যরাতে ঘুমন্ত নিরীহ পরিবারকে হত্যাকারী মার্কিন বাহিনীর জন্য এ অঞ্চল নিরাপদ নয়। একই সঙ্গে জর্ডানের জনগণের সঙ্গে তাদের সংগ্রাম ‘ইসলামি ভূখণ্ড থেকে শেষ মার্কিন দখলদার বিতাড়িত হওয়া পর্যন্ত’ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।
তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে জর্ডান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আলজাজিরা