ইসরায়েলে সেনা বিদ্রোহ, ঘাঁটি ছাড়লেন ১০০ সেনা

ইসরায়েলের নেগেভ মরুভূমির দে তেইমান ঘাঁটিতে কমান্ডারদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রায় ১০০ সেনা ঘাঁটি ত্যাগ করেছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। আল জাজিরার বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গিভাতি ব্রিগেডের তজাবার ব্যাটালিয়নের সদস্যরা নিজেদের অস্ত্র রেখে ঘাঁটি ছেড়ে চলে যান।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ব্যাটালিয়ন কমান্ডার ব্যাটালিয়নের প্রবীণ-নবীন ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত কিছু প্রতীক অপসারণের নির্দেশ দেওয়ায় এই বিরোধের সৃষ্টি হয়।

ব্যাটালিয়নের সেনাদের দাবি, অপসারিত প্রতীকগুলো গাজা ও লেবাননে অভিযানের সময় তাদের সঙ্গে ছিল এবং এক ব্যাচ থেকে পরবর্তী ব্যাচের কাছে হস্তান্তর করা হতো। তাদের মতে, এসব প্রতীক ব্যাটালিয়নের ঐতিহ্য ও পরিচয়ের অংশ।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট জানিয়েছে, সেনারা এসব প্রতীককে নিজেদের ঐতিহ্য ও ব্যাটালিয়নের সঙ্গে সম্পর্কের প্রতীক হিসেবে দেখতেন। অন্যদিকে মারিভ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, এই ঘটনার কারণে ব্যাটালিয়নটি বর্তমানে গাজায় পরিচালিত হওয়ার কথা থাকা অভিযানে অংশ নেওয়ার উপযুক্ত অবস্থায় নেই।

ইসরায়েল হাইওমের খবরে বলা হয়েছে, সেনা ও কমান্ডাররা ব্যক্তিগত ব্যাগ নিয়ে, তবে সামরিক সরঞ্জাম ও অস্ত্র ছাড়া, দে তেইমান ঘাঁটি ছেড়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। সূত্র: ডন