দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান

ইরানের ভবিষ্যৎ দেশটির জনগণই নির্ধারণ করবেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেওয়ায় তিনি ইরানের জনগণকে ‘বীর’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, যুদ্ধ, চাপ এবং ধারাবাহিক বৈরিতার মধ্যেও ইরানের জনগণ দৃঢ়ভাবে দেশকে সমর্থন করে গেছে।

তিনি সংঘাতের সূচনা হিসেবে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। ওই সময় নিজের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন হানিয়া।

পেজেশকিয়ান বলেন, সেই ঘটনার পর থেকে ইরান নানা ধরনের যুদ্ধ, চাপ ও অবিরাম শত্রুতার মুখোমুখি হয়েছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও জনগণ দেশের পাশে থেকেছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের ভবিষ্যৎ ইরানের জনগণই গড়ে তুলবেন।’ সূত্র: ডন