লেবাননের সাংবাদিক আমাল খলিলকে হত্যার ঘটনায় ইসরায়েলের হামলাকে ‘ইচ্ছাকৃত’ উল্লেখ করে এটিকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল দক্ষিণ লেবাননের আত-তিরি শহরে ইসরায়েলি বিমান হামলায় আল আখবারের প্রতিবেদক আমাল খলিল নিহত হন। একই হামলায় আহত হন তার ক্যামেরা অপারেটর জয়নাব ফারাজ।
এইচআরডব্লিউ জানিয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং রেড ক্রসের পক্ষ থেকে দেওয়া অনুরোধসহ বিভিন্ন তথ্য-প্রমাণে দেখা যায়, হামলার আগে ভবনটিতে সাংবাদিকরা অবস্থান করছিলেন, এ বিষয়ে ইসরায়েলি বাহিনী অবগত ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পরও আমাল খলিল সম্ভবত জীবিত ছিলেন। কিন্তু ইসরায়েলি বাহিনী কয়েক ঘণ্টা ধরে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে যেতে বাধা দেয়, ফলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এইচআরডব্লিউর লেবাননবিষয়ক গবেষক রামজি কাইস এক বিবৃতিতে বলেন, 'প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি বাহিনী জানত বা জানা উচিত ছিল যে আমাল খলিল ও জয়নাব ফারাজ বেসামরিক সাংবাদিক। তারপরও তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং পরে চিকিৎসাকর্মীদের ঘণ্টার পর ঘণ্টা ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয়।'
তিনি বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সূত্র: আলজাজিরা