ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনে আল রেজা দাবি করেছেন, দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলের যেকোনো আমদানি করা সামরিক প্রযুক্তির চেয়ে উন্নত। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার ওপর ভর করেই যেকোনো হুমেলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনে আল রেজা বলেছেন, শত্রুপক্ষের সামরিক সক্ষমতার দুর্বলতার লক্ষণ ক্রমেই স্পষ্ট হচ্ছে, অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমেলা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, 'যেসব দেশ আমদানি করা অস্ত্রব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা ও সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে চায়, তারা শিগগিরই বুঝতে পারবে যে ইরানের নিজস্ব প্রযুক্তি অঞ্চলের যেকোনো আমদানি করা ব্যবস্থার চেয়ে উন্নত।'
ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ইরানের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার ওপর নির্ভর করেই দেশটির সামরিক বাহিনী নিজেদের প্রস্তুতি আরও জোরদার করেছে।
তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ইন্টারসেপ্টরের প্রায় ৮০ শতাংশ এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে।
একই প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন বাহিনী তাদের দীর্ঘপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের (পিআরএসএম) প্রায় পুরো মজুতই ব্যয় করেছে। এর ফলে পেন্টাগনের গোলাবারুদের মজুত 'বিপজ্জনকভাবে কমে গেছে' বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি