তুরস্ক–পাকিস্তান চুক্তি সৌদির নিরাপত্তা দেবে না: ইব্রাহিম রেজাই

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করলেও সৌদি আরব প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা এনে দেবে না। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের ওপর বছরের পর বছর একতরফাভাবে নির্ভর করেও সৌদি আরব নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের এই সদস্য সৌদি আরবকে তাদের নীতি পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, নিজেদের নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন, যাতে নিরাপত্তার জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে না হয়।

রেজাইর মন্তব্য সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া হিসেবে এসেছে। এর আগে তুরস্ক জানিয়েছিল, তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।

তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান বলেছিলেন, চুক্তিটি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ নিরাপত্তা ও সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করবে এবং অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখবে। সূত্র: আলজাজিরা