হত্যার আশঙ্কা থাকলেও দায়িত্ব পালন থেকে পিছিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে ডন।
পেজেশকিয়ান বলেন, তিনি কাজ থেকে সরে দাঁড়াতে, বৈঠক এড়িয়ে যেতে কিংবা দায়িত্ব পালনের ধারাবাহিকতা বন্ধ করতে পারেন না। দেশটির বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করাকে তিনি নিজের কর্তব্য হিসেবে দেখছেন।
তিনি বলেন, তিনি বৈঠক বাদ দিয়ে কিংবা কাজ থেকে দূরে সরে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন না। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন বলেও জানান।
হত্যার আশঙ্কা নিয়ে কথা বলতে গিয়ে পেজেশকিয়ান বলেন, একদিন হয়তো তাকে হত্যা করা হতে পারে। তবে তিনি তার পরোয়া করেন না এবং এ সম্ভাবনা তাকে দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য করবে না।
ইরানের প্রেসিডেন্টের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটির নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সংঘাতে ইরানের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা হত্যার শিকার হওয়ার পর দেশটির নেতৃত্বের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: ডন