ইয়েমেনের আল-মাখা বন্দরে হুথিদের চালানো হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
সকালে বন্দরে চালানো এই হামলার দায় স্বীকার করেছে হুথিরা। গোষ্ঠীটি জানিয়েছে, বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়।
হুথিদের দাবি, হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের সেনাদের অবস্থান এবং অস্ত্রের গুদাম। তবে হামলায় নিহতদের পরিচয় বা তারা সামরিক না বেসামরিক, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হামলার পর আল-মাখা বন্দরের পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।
ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে নতুন এই হামলা দেশটির পশ্চিমাঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। সূত্র: আলজাজিরা