সিরিয়ায় থাকা রাশিয়ার দুটি সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে মস্কোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে দামেস্ক। নতুন ব্যবস্থার আওতায় হামেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটি যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নকেন্দ্রে রূপান্তর করা হবে।
রোববার (৯ আগস্ট) সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার বরাতে আল জাজিরা জানিয়েছে, পারস্পরিক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নতুন এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
হামেইমিম ও তারতুস ছিল সিরিয়ায় রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দেশটির যুদ্ধে রুশ সামরিক কার্যক্রম পরিচালনা ও সহায়তার ক্ষেত্রে ঘাঁটি দুটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
চুক্তিটি প্রায় দেড় বছর ধরে চলা আলোচনার পর হয়েছে বলে জানিয়েছে সানা। সমঝোতা অনুযায়ী, ঘাঁটি দুটির বর্তমান ব্যবস্থাকে নতুন কাঠামোয় রূপান্তরের প্রক্রিয়া সর্বোচ্চ তিন মাসের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সিরিয়ার বাইরে সাবেক সোভিয়েত ইউনিয়নের ভূখণ্ডের বাইরে রাশিয়ার একমাত্র সরকারি সামরিক ঘাঁটি হিসেবে হামেইমিম ও তারতুস দীর্ঘদিন ধরে মস্কোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নতুন চুক্তির ফলে ঘাঁটি দুটির সামরিক ভূমিকা বদলে গেলেও রাশিয়া ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা ও প্রশিক্ষণ সহযোগিতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা