ইরান যুদ্ধে আজারবাইজানের সহায়তা

আজারবাইজানের প্রেসিডেন্ট-পেজেশকিয়ান পারস্পরিক সৌহার্দ্য বিনিময়

যুদ্ধের সময় ইরানকে সহায়তা ও ত্রাণ পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান আজারবাইজানের সহায়তার কথা উল্লেখ করার পরই তাকে ধন্যবাদ জানান আলিয়েভ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আলিয়েভ বলেন, পেজেশকিয়ানের সদয় ও আন্তরিক বক্তব্যের জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞ। দুই দেশের জনগণ সবসময় সংকট ও কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আলিয়েভ বলেন, সাম্প্রতিক সময়ে অঞ্চলজুড়ে ঘটে যাওয়া ঘটনাবলির মধ্যেও আজারবাইজান আবারও প্রমাণ করেছে যে তারা তাদের ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের পাশে রয়েছে।

এর আগে পেজেশকিয়ান আজারবাইজানের ইরানকে দেওয়া সহায়তার কথা তুলে ধরেন। বিশেষ করে যুদ্ধের সময় ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর জন্য বিভিন্ন রুট ব্যবস্থাপনায় আজারবাইজানের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

আজারবাইজানের গণমাধ্যমে প্রকাশিত পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, আজারবাইজান ইরানকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। ত্রাণ সরবরাহের পথ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে তারা ইরানের পাশে ছিল এবং প্রয়োজনীয় সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

পেজেশকিয়ানের এই বক্তব্যের পর আলিয়েভের প্রকাশ্য কৃতজ্ঞতা দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক সময়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিষয়টিকে সামনে আনল। সূত্র: আলজাজিরা